সারাদেশ

কাপাসিয়ার ঘাগুটিয়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় হামলা।

প্রিন্ট
কাপাসিয়ার ঘাগুটিয়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় হামলা।

ছবি : মাদক ব্যবসায়ী।


প্রকাশিত : ২৭ মার্চ ২০২৬, সকাল ১১:১৬

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের সিংগুয়া গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়া ও ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করার জেরে সাধারণ গ্রামবাসীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গত ২৫ মার্চ সকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল ও তার সহযোগীদের দায়ের কোপে ওই এলাকার অন্তত ৭-৮ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪শে মার্চ রাতে সিংগুয়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী জুয়েল মিয়াকে (পিতা: ফজলুল হক) মাদকসহ হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয় সচেতন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, জুয়েল ও তার আরেক ভাই শ্যামল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি, সেবন এবং চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। পুলিশে দেওয়ার জেরে ২৫ মার্চ সকালে জুয়েল, তার ছোট ভাই শিমুল, মা লাইলী বেগম এবং তাদের আরও কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র ও দা নিয়ে গ্রামবাসীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে অভিযোগকারী ব্যক্তি, তার জেঠা এবং এলাকার আরও ৬-৭ জন সাধারণ মানুষ দায়ের কোপে মারাত্মক জখম হন। সিংগুয়া পূর্ব দক্ষিণ পাড়ার বাসিন্দারা জানান, ফজলুল হকের পরিবারটি এলাকায় এক আতঙ্কের নাম। তারা দলবদ্ধভাবে এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছে। মাদক ব্যবসায় বাধা দিলেই তারা সাধারণ মানুষকে প্রাণনাশের হুমকি ও শারীরিক হামলা চালিয়ে থাকে। আজকের এই বর্বরোচিত হামলার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। গ্রামবাসী অবিলম্বে জুয়েল, শিমুল ও লাইলী বেগমসহ সকল হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।