সারাদেশ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিযুক্ত হলেন রোকনুজ্জামান সরকার রোকন

প্রিন্ট
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিযুক্ত হলেন রোকনুজ্জামান সরকার রোকন

ছবি : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিযুক্ত হলেন রোকনুজ্জামান সরকার রোকন


প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, দুপুর ২:৫৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ময়মনসিংহ সিটি কর্পোরেশন -এর প্রশাসক (মেয়র) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ রোকনুজ্জামান সরকার রোকন। গত ২০২৬ সালের ১৪ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং একই প্রজ্ঞাপনের আওতায় তাকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক (মেয়র) -এর দায়িত্ব অর্পণ করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ–২০২৪ এর ধারা ২৫(ক) উপধারা (১) অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেয়রের ক্ষমতা ও দায়িত্ব প্রয়োগ করে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। অদ্য ১৬ মার্চ তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মসিকের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদমাধ্যম প্রতিনিধি ও উৎসুক জনসাধারণের সম্মুখে বিভাগীয় কমিশনার মিজ ফারাহ্ শাম্মী মহোদয়ের নিকট হতে প্রশাসক (মেয়র) -এর দায়িত্ব বুঝে নিয়েছেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ এবং জাতীয় সংসদীয় আসন-১৪৯ এর নবনির্বাচিত এমপি জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং তার রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। রাজনৈতিক পরিচয়ের দিক থেকে রোকনুজ্জামান রোকন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর একজন সক্রিয় নেতা। তিনি বর্তমানে বিএনপির ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল -এর রাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘ সময় ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক দমন-পীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে রোকনুজ্জামান সরকার রোকন একজন তৃণমূলভিত্তিক সংগঠক হিসেবে সুপরিচিত। বিএনপির বিভিন্ন আন্দোলন-কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং নেতাকর্মীদের বিপদ-আপদে পাশে থাকার কারণে দলের কর্মীদের মধ্যে তার ব্যপক জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে গত দেড় দশক ধরে রাজনৈতিক আন্দোলন, গ্রেপ্তার-জুলুম ও দলীয় সংকটের সময়েও তিনি রাজপথে এবং রাজনৈতিক কর্মসূচিগুলোতে সক্রিয় থাকায় বিএনপির তৃণমূল পর্যায়ে তার ইর্ষণীয় গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর ময়মনসিংহ নগরবাসীর মধ্যে নানা প্রত্যাশা তৈরি হয়েছে। নগরীর নাগরিকরা প্রত্যাশা করছেন, সড়ক-ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, যানজট নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মান বৃদ্ধিতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি দীর্ঘদিনের উন্নয়ন প্রকল্পগুলোর গতি বাড়ানো এবং সিটি কর্পোরেশনের প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও তার কাছ থেকে ইতিবাচক উদ্যোগ প্রত্যাশা করছেন নগরবাসী ও স্থানীয় বিভিন্ন সংগঠন। সব মিলিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে যোগাযোগের কারণে মো. রোকনুজ্জামান সরকার রোকন -এর প্রশাসক(মেয়র) হিসেবে নিয়োগকে স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এখন তার প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বের ওপরই নির্ভর করবে ময়মনসিংহ নগরবাসীর প্রত্যাশা কতটা বাস্তবায়িত হবে।