সারাদেশ

রৌমারী সোনালী ব্যাংকের ম্যানেজারের সাফল্য: প্রধান কার্যালয়ের বিশেষ কর্মসূচিতে সম্মাননা

প্রিন্ট
রৌমারী সোনালী ব্যাংকের ম্যানেজারের সাফল্য: প্রধান কার্যালয়ের বিশেষ কর্মসূচিতে সম্মাননা

প্রকাশিত : ৮ মার্চ ২০২৬, সন্ধ্যা ৭:০৯

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্যাংকের প্রধান কার্যালয় ঘোষিত বিশেষ কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় কুড়িগ্রামের রৌমারী শাখার ম্যানেজার জনাব মোঃ আয়নাল হককে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি’র মাননীয় ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) জনাব মোঃ শওকত আলী খান তার হাতে সম্মাননাস্বরূপ সার্টিফিকেট তুলে দেন। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের উদ্যোগে সারাদেশে বিভিন্ন শাখার কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায় এবং গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে একটি বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উক্ত কর্মসূচিতে নির্ধারিত লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য সাফল্য দেখায় রৌমারী শাখা। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রৌমারী শাখার ম্যানেজার মোঃ আয়নাল হকের দক্ষ নেতৃত্ব, কর্মনিষ্ঠা এবং দলগত প্রচেষ্টার ফলে শাখাটি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় মোঃ আয়নাল হক বলেন, এই অর্জন শুধুমাত্র তার ব্যক্তিগত নয়; বরং রৌমারী শাখার সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও গ্রাহকসেবার মান উন্নয়ন এবং ব্যাংকের সার্বিক অগ্রগতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বাড়াবে এবং সোনালী ব্যাংকের সেবা আরও গতিশীল ও গ্রাহকমুখী করতে সহায়ক হবে।