ইউএনওর নেতৃত্বে বাজার মনিটরিং, ব্যবসায়ীদের সতর্কতা ও ক্রেতাদের অভিযোগের তাৎক্ষণিক সমাধান।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারে মাছ, মুরগি, ফল, মণিহারী ও কাঁচাবাজারসহ বিভিন্ন পণ্যের দোকানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনিম।
মনিটরিং চলাকালে বাজারের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন এবং ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে অতিরিক্ত মূল্য আদায়, ওজনে কারচুপি কিংবা অনিয়মের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
বাজার পরিদর্শনের সময় উপস্থিত ক্রেতাসাধারণের বিভিন্ন অভিযোগ শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে সেগুলোর সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এতে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ উদ্যোগকে তারা ইতিবাচকভাবে গ্রহণ করেন।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত