রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী এলাকায় ধর্মান্তর নিয়ে সৃষ্টি হওয়া আলোচনার পর স্থানীয়দের উদ্যোগে ১৪টি পরিবার পুনরায় ইসলাম ধর্মে ফিরে এসেছে বলে জানা গেছে।
এলাকাবাসী ও একটি দাওয়াতী কাফেলার যৌথ প্রচেষ্টায় এ প্রত্যাবর্তন সম্ভব হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
স্থানীয় বাসিন্দা মোঃ মিজানুর রহমান মিজান বলেন, “টানা কয়েকদিন ধরে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন বিষয়ে বোঝানোর চেষ্টা করেছি। অবশেষে তারা নিজেদের সিদ্ধান্তে ইসলাম ধর্মে ফিরে এসেছে।” তিনি এ উদ্যোগে দাওয়াতী কাফেলার কর্ণধার ফিরদাউস হাসান কুড়িগ্রামীকে ধন্যবাদ জানান।
দাওয়াতী কাফেলার কর্ণধার ফিরদাউস হাসান কুড়িগ্রামী জানান, চর শৌলমারী এলাকার প্রায় ৭০টি পরিবারের মাঝে খ্রিস্টান মিশনারি সংশ্লিষ্ট ব্যক্তিরা যীশু খ্রিস্টের বাণী সম্বলিত রেডিও বিতরণ করেছেন বলে তারা খবর পান। তার অভিযোগ, কিছু পরিবারকে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের প্রলোভন দেখিয়ে ধর্মান্তরের চেষ্টা করা হয়। এ প্রেক্ষাপটে ইতোমধ্যে ১৪টি পরিবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, “আমরা স্থানীয়দের সহযোগিতায় তাদের সঙ্গে আলোচনা করি এবং বিভিন্ন বিষয় ব্যাখ্যা করি। পরে তারা স্বেচ্ছায় ইসলাম ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নেয়।”
তবে এ বিষয়ে অভিযুক্ত মিশনারি পক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মতামত