নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা চাপা দিতে ধর্ষণের শিকার তরুণীকে পরিকল্পিতভাবে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যার ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, এ মামলার ৪ আসামীকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে আজ বৃহস্পতিবার সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানায়, গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে কয়েকজন মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বুধবার ভুক্তভুগীর বাবা মেয়েটিকে নিয়ে খালার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌছালে ৫ জন যুবক বাবার কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে খোঁজাখুজির পর তাকে না পেয়ে বাড়ি ফিরে যায় পরিবারের লোকজন।
এরপর আজ সকালে একটি সরিষা ক্ষেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মতামত