সারাদেশ

কাপাসিয়ায় আমরাইদ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ে প্রশাসন, ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা

প্রিন্ট
কাপাসিয়ায় আমরাইদ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ে প্রশাসন, ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:০৩

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে উপজেলার আমরাইদ বাজারে সরেজমিন বাজার পরিদর্শন ও মূল্য মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক। পরিদর্শনকালে বাজারের বিভিন্ন মুদি দোকান, কাঁচাবাজার, চাল-ডাল, তেল-চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে দেখা হয়। এ সময় পণ্যের মূল্যতালিকা সঠিকভাবে প্রদর্শন করা হচ্ছে কিনা, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কিনা এবং ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ করা হচ্ছে কিনা—এসব বিষয় খতিয়ে দেখা হয়। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুদদারি কিংবা অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। বাজার স্থিতিশীল রাখতে সকল ব্যবসায়ীকে নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. যোবায়েরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাজারে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ীকে সতর্ক অবস্থানে দেখা যায়। সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বলেন, “ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে আমাদের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ নিয়ম ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয় ক্রেতারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত নজরদারি থাকলে দ্রব্যমূল্যের অস্থিরতা কমবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।