সারাদেশ

নীলফামারীর জলঢাকায় ৭১ মাদক ব্যবসায়ীকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

প্রিন্ট
নীলফামারীর জলঢাকায় ৭১ মাদক ব্যবসায়ীকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২:৫৪

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় চিহ্নিত ৭১ জন মাদক ব্যবসায়ীকে আগামী সাত দিনের মধ্যে আত্মসমর্পণ করে মুচলেখা দেওয়ার নির্দেশ দিয়েছে জলঢাকা থানা পুলিশ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম OC Jaldhaka Facebook-এ দেওয়া এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। ঘোষণায় তিনি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয় ৭১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকাভুক্তদের নির্ধারিত সময়ের মধ্যে থানায় হাজির হয়ে লিখিত মুচলেখা দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি নাজমুল আলম বলেন, “জলঢাকাকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সাত দিনের মধ্যে আত্মসমর্পণ না করলে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হবে।” এ ঘোষণার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তারা মনে করেন, আত্মসমর্পণের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন ও নিয়মিত নজরদারি নিশ্চিত করা জরুরি। স্থানীয়রা আরও দাবি জানান, সীমান্ত ও গ্রামীণ এলাকায় বিশেষ অভিযান জোরদার এবং মাদক সরবরাহ চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।