রংপুর

চেয়ারম্যানের অনুপস্থিতিতে ক্ষোভ, মাটি খনন বন্ধে কঠোর হুঁশিয়ারি

প্রিন্ট
চেয়ারম্যানের অনুপস্থিতিতে ক্ষোভ, মাটি খনন বন্ধে কঠোর হুঁশিয়ারি

ছবি : নীলফামারী প্রতিনিধি (রাব্বানী ইসলাম)


প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:৫৭

জোড়াবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মমতাজপাড়া এলাকায় দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে অবৈধভাবে মাটি খনন করে ট্রলিযোগে সরিয়ে নেওয়া হচ্ছে। এ কারণে গনির স্কুল থেকে রেলস্টেশন বাজার পর্যন্ত ট্রলির অবাধ চলাচলের ফলে রাস্তাটির মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। এমনিতেই রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ; তার ওপর ভারী ট্রলি চলাচলের কারণে বর্তমানে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দুঃখজনক বিষয় হলো, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ অবস্থায় আমরা জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের চেয়ারম্যান, জনাব মোঃ সাখাওয়াত হাবিব বাবু (চেয়ারম্যান মামা)-কে বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা চাই, অতিসত্বর মাটি খনন ও ট্রলি চলাচল বন্ধ করা হোক এবং ক্ষতিগ্রস্ত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। উল্লেখ্য, একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আমরা এখন পর্যন্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারিনি। এমনকি অভিযোগ জানানোর পরও যদি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আমরা সাধারণ জনগণ বাধ্য হয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করব। তাতেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে উপজেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হবে। রাস্তা রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।