একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’ এই স্লোগানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জনগণের মুখোমুখি করার ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে রাঙামাটি শহরের পৌরসভা প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে এ ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ভোটারদের সরাসরি প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা এবং তাদের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত চারজন প্রার্থী লটারির মাধ্যমে পাঁচ মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ পান। বক্তব্যে তারা নিজ নিজ রাজনৈতিক দর্শন, এলাকার উন্নয়ন ভাবনা এবং জাতীয় সংসদে নির্বাচিত হলে কীভাবে জনগণের স্বার্থ রক্ষা করবেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রার্থীরা সম্মিলিতভাবে হাত উঁচিয়ে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতি করার অঙ্গীকার করেন। একই সঙ্গে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষরের মাধ্যমে তারা সন্ত্রাস ও দুর্নীতিকে বর্জন, স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ভোটাররাও সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত প্রার্থী বেছে নেওয়ার অঙ্গীকার করেন। ভোটারদের সচেতন অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করবে এমন প্রত্যয় ব্যক্ত করা হয় অনুষ্ঠান থেকে।
প্রার্থীরা বলেন, নির্বাচিত হলে পাহাড়ি ও বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, স্থায়ী শান্তি ও সহাবস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি রাঙামাটির পর্যটন শিল্পের টেকসই বিকাশ, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙামাটি জেলা কমিটির সভাপতি দীননাথ তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর প্রধান সমন্বয়কারী দীলিপ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সুজন রাঙামাটি জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতিয়ারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক ভোটার।
বক্তারা বলেন, জনগণের মুখোমুখি প্রার্থীদের এই ধরনের আয়োজন নির্বাচনী সংস্কৃতিকে আরও ইতিবাচক ও স্বচ্ছ করবে। এতে ভোটাররা প্রার্থীদের যোগ্যতা, দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান।
উল্লেখ্য, রাঙামাটি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী সাতজন প্রার্থীর মধ্যে চারজন এ অনুষ্ঠানে অংশ নেন। অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমা, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অশোক তালুকদার এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এম এ বাশার।
মতামত