কৃষি

বগুড়ায় ভেটেনারি ওষুধ তৈরির নামে প্রতারণা: অনুমোদনহীন প্রতিষ্ঠানে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

প্রিন্ট
বগুড়ায় ভেটেনারি ওষুধ তৈরির নামে প্রতারণা: অনুমোদনহীন প্রতিষ্ঠানে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ৫ আগস্ট ২০২৫, সকাল ১০:৪৬

বগুড়ায় অনুমোদনহীনভাবে ভেটেনারি ওষুধ তৈরি ও বাজারজাত করার অপরাধে ‘বায়ন এগ্রো লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রাণীসম্পদ বিভাগ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে শহরের দত্তবাড়ি ব্রিজ সংলগ্ন এক ভাড়া বাসায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, বায়ন এগ্রো ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে পশু চিকিৎসার ওষুধ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। প্রতিষ্ঠানগুলো হলো—এলেক্স এনিমেল হেলথ, এস্টার এনিমেল হেলথ, রেড এগ্রো, বিএস প্লাস এগ্রোভেট লিমিটেড এবং নোভা বেলজিয়াম।

জানা যায়, প্রতিষ্ঠানটির মূল মালিক ফারুক প্রধান (৪৫), যিনি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের সামছুল প্রধানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি শহরের বিভিন্ন বাসা ভাড়া নিয়ে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই পশু চিকিৎসার ভেজাল ওষুধ তৈরি করে আসছিলেন। অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ, কাঁচামাল ও বিভিন্ন কোম্পানির লেবেল জব্দ করা হয়েছে।

প্রতিষ্ঠানের ম্যানেজার আরিফ সরকার ঘটনাস্থলে ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেন। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, “মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০” এর ৪/২০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, বগুড়া সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রায়হান বলেন, “অবৈধভাবে পশু চিকিৎসার পণ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। জনস্বাস্থ্যের সুরক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।