চট্টগ্রাম

কোম্পানীগঞ্জে অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা

প্রিন্ট
কোম্পানীগঞ্জে অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা

প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৬, রাত ১০:১০

কোম্পানীগঞ্জে অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়কে অবৈধভাবে অতিরিক্ত ওজনের বালু পরিবহন, অবৈধ বালু উত্তোলন ও বিপণনের দায়ে ৪টি ড্রাম ট্রাককে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশির হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় বালুবাহী ট্রাকগুলোতে নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত বালু বহন করা হচ্ছিল। পাশাপাশি এসব বালু অবৈধভাবে উত্তোলন ও সরবরাহ করা হচ্ছিল এমন প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনসহ সংশ্লিষ্ট আইনে ৪টি ট্রাককে পৃথকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম গণমাধ্যমকে বলেন, অতিরিক্ত ওজনের যানবাহন সড়কের মারাত্মক ক্ষতি করে এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এদিকে স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন।