ছবি : রাঙামাটি ২৯৯ আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা
প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, দুপুর ২:১০
রাঙামাটি ২৯৯ আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়ার অভিযোগ তুলেছেন প্রার্থী। রবিবার বিকালে শহরে একটি রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পহেল চাকমা।
সংবাদ সম্মেলনে পহেল চাকমা বলেন, শনিবার রাতে রাঙামাটি শহরের স্টেডিয়াম মার্কেট এলাকায় আমার নিজের কার্যালয়ে অপরিচিত দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে আমাকে পাশের একটি রেস্তোরাঁয় ডেকে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বলেন। অন্যথায় প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। এতে আমি আমার জীবন নিয়ে সংশয়ে আছি।
তিনি আরও বলেন, ইতোমধ্যে আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কারা আমাকে হুমকি দিয়েছে আমি তাদের চিনি না। আমি গানম্যান চাচ্ছি না, তবে আমি কোথায় যাচ্ছি, কি করছি সেটা যেন প্রশাসন নজরদারি করেন। তাহলে কোনও সন্ত্রাসী আমাকে কিছু করতে পারবে না বলে আমি মনে করি। তিনি আরো বলেন, আমার জয় নিশ্চিত জেনে আমাকে বারবার টার্গেট করা হচ্ছে। প্রথমে মনোনয়নপত্র বাতিল হলো, আপিলে ফিরে পেলাম, এখন হুমকি দেয়া হচ্ছে। যেহেতু আঞ্চলিক দল থেকে কেউ অংশ নিচ্ছে না, তাই আমি মনে করি আমার জয় শতভাগ নিশ্চিত।
তিনি আরও বলেন, হুমকিদাতারা বলেন তারা বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে সমর্থন দিয়েছে, তাই আমি যেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। তাদের প্রতি আমার বার্তা হলো এসব কথা আমাকে না বলে গ্রামে গ্রামে গিয়ে এটা প্রচার করলেই হয়।
এর আগে হুমকির অভিযোগে তিনি রাঙামাটির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির বিষয়টি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বতন্ত্র পহেল চাকমার করা সাধারণ ডায়েরিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত