সারাদেশ

গাজীপুর, কাপাসিয়ায়, অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান।

প্রিন্ট
গাজীপুর, কাপাসিয়ায়, অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২৬, বিকাল ৫:৫৪

গাজীপুর, কাপাসিয়ায়, অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান।

কুড়িয়দী বাজার এলাকা থেকে ৩ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।

গাজীপুর ক্রাইম রিপোর্টার : মোঃ সিরাজুল ইসলাম 

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাটি উত্তোলন ও পরিবহনের সময় তিনজনকে হাতেনাতে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার ০৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুড়িয়দী গ্রামের কুড়িয়দী বাজার সংলগ্ন রাস্তার পাশ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই সড়কের পাশ থেকে মাটি কেটে বিক্রি ও পরিবহন করে আসছিল। এতে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল, অন্যদিকে সড়ক ধস ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের সময় ০৩ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় অবৈধ কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব নাহিদুল হক। তিনি বলেন,

“অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন পরিবেশ, কৃষিজমি ও জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে অবৈধ মাটি উত্তোলন বন্ধ হবে এবং সড়ক ও পরিবেশ রক্ষা পাবে।

প্রশাসন আরও জানায়, কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।