ছবি : মো: সিরাজুল ইসলাম
গাজীপুর, কাপাসিয়ায় ‘I ❤️ KAPASIA’ স্থাপনায় দুষ্কৃতকারীদের শাপল দিয়ে ভেঙ্গে নেওয়ার চেষ্টা।
ক্ষুব্ধ জনসাধারণ, নিরাপত্তা জোরদারের আহ্বান উপজেলা প্রশাসনের
গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি: মোঃ সিরাজুল ইসলাম
গাজীপুরের কাপাসিয়া উপজেলার অন্যতম দর্শনীয় ও সকলের প্রিয় প্রতীকী স্থাপনা ‘I ❤️ KAPASIA’-তে দুষ্কৃতকারীদের হামলার ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত ২২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে অজ্ঞাতনামা কিছু দুষ্কৃতকারী শাবল দিয়ে স্থাপনাটিতে আঘাত করে এবং শীট খুলে ফেলার চেষ্টা চালায় বলে জানা গেছে।
এ ঘটনায় কাপাসিয়াবাসী গভীরভাবে মর্মাহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ‘I ❤️ KAPASIA’ শুধু একটি স্থাপনা নয়, এটি কাপাসিয়ার গর্ব, পরিচয় ও ভালোবাসার প্রতীক। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ছবি তুলতে ও সময় কাটাতে আসেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের ন্যক্কারজনক হামলা জনসাধারণের সম্পত্তির ওপর সরাসরি আঘাত এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ডা: তামান্না তাসনিম বলেন,
“I ❤️ KAPASIA স্থাপনাটি কাপাসিয়াবাসীর সম্পত্তি ও প্রিয় স্থান। এর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এ ধরনের ক্ষয়ক্ষতি রোধে প্রশাসনের পাশাপাশি সকল সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করা হচ্ছে।
এদিকে, সচেতন মহল দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্থাপনাটির নিরাপত্তা জোরদার ও নিয়মিত নজরদারির আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
কাপাসিয়ার ঐতিহ্য ও সৌন্দর্য রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হলে এ ধরনের অপকর্ম প্রতিরোধ করা সম্ভব—এমনটাই মনে করছেন স্থানীয় এলাকাবাসী।
মতামত