আওয়ামী লীগ

বগুড়ায় নাশকতা মামলার আসামী নাঈম গ্রেফতার

প্রিন্ট
বগুড়ায় নাশকতা মামলার আসামী নাঈম গ্রেফতার

প্রকাশিত : ৪ আগস্ট ২০২৫, সকাল ১০:১২

সংবাদ প্রতিবেদন (শিহাবুল্লাহ মারুফ):

বগুড়া শহরের ছিলিমপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে করা মামলার প্রধান আসামী মো. নাঈম (২৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ২০২৪ সালে বগুড়া সদর থানায় বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে গুরুতর আহত করার ঘটনায় একটি মামলা দায়ের হয়। মামলাটি ছিল সদর থানার মামলা নং-৩৭; ধারা ১৪৩/৩২৩/৩৫৪/১১৪ দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ ধারা অনুযায়ী।

র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মামলার অন্যতম পলাতক আসামী মো. নাঈম নিজ বাড়ি ছিলিমপুর উত্তরপাড়ায় অবস্থান করছে। র‍্যাবের একটি চৌকস দল গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নাঈম সাবেক ছাত্রলীগ নেতার পিএস ছিলেন এবং আন্দোলনের সময় সরাসরি নাশকতামূলক কার্যকলাপে অংশগ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযান শেষে তাকে সদর থানায় হস্তান্তর করে র‍্যাব।

এ বিষয়ে র‍্যাব-১২ বগুড়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।