কৃষি

কৃষকদের মাঝে রবি মৌসুমের সবজিবীজ ও সার বিতরণ

প্রিন্ট
কৃষকদের মাঝে রবি মৌসুমের সবজিবীজ ও সার বিতরণ

প্রকাশিত : ৭ অক্টোবর ২০২৫, রাত ১১:২১

সিরাজগঞ্জের রায়গঞ্জে রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে আগাম শীতকালীন শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার ০৭/১০/২০৫, উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ুন কবির। উদ্বোধনের পর তিনি কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম। তিনি বলেন, “সরকার কৃষকদের মাঝে প্রণোদনা ছড়িয়ে দিয়ে বসতবাড়ি ও মাঠে শীতকালীন সবজি চাষে উৎসাহিত করছে। বিনামূল্যে বীজ ও সার প্রদানের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য অনেক উপকারে আসবে।”

এ কর্মসূচির আওতায় উপজেলার মোট নয়টি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১২০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে প্রতিটি ইউনিয়নে ১২ জন করে এবং পৌরসভায় ১২ জন কৃষককে এ সহায়তা দেওয়া হয়।

উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জুলফিকার আলী বলেন, “বিনামূল্যে দেওয়া এই বীজ কৃষকরা নিজ নিজ বাড়িতে লাগাবেন, যা তাদের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে।”

বীজ গ্রহণকারী পৌরসভার বাসিন্দা  মোঃ প্রান্ত তালুকদার (২২) জানান, “প্রধানত সকাল ৯টার দিকে বীজ বিতরণ শুরুর কথা ছিল, তবে কিছুটা দেরি হয়। আমরা লাউ, পালং শাক, লাল শাক, বরবটি ইত্যাদির বীজ পেয়েছি। এসব চাষ করে নিজেদের চাহিদা মেটানো ছাড়াও কিছু অর্থ সাশ্রয় করা সম্ভব হবে। সরকারের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।”

বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা উচ্ছ্বসিত। তারা জানান, এই উদ্যোগে স্থানীয়ভাবে সবজির উৎপাদন বাড়বে, বাজারে সবজির সহজলভ্যতা বৃদ্ধি পাবে এবং কৃষকদের আয়ও উন্নত হবে। এতে তাদের জীবনযাত্রার মান উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।