ছবি : মোঃ আলামিন মির
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম এক সাক্ষাৎকারে বলেন, এনডিএম চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজের বিশ্বাস, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমানভাবে বসবাস করে এবং একে অপরের প্রতি সম্মান দেখানো সবার দায়িত্ব।
তিনি বলেন, "আমাদের মনে রাখা উচিত আমরা বাংলাদেশি। এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করি। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার রাখে। তাই সংখ্যাগরিষ্ঠের প্রভাব খাটিয়ে অন্যদের উপর কিছু চাপিয়ে দেওয়া কখনোই উচিত নয়।"
সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, মন্দির বা মাজার ভাঙচুরের মতো ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এসব ঘটনা এড়াতে সবাইকে আরও সচেতন হতে হবে।
ইসলামের শিক্ষা তুলে ধরে তিনি হাদিস উদ্ধৃত করেন: "যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিকের প্রতি অন্যায় বা জুলুম করবে, কিয়ামতের দিনে রাসুল (সা.) তার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন।" (সুনান আবু দাউদ, হাদিস: ৩০৫২)। তিনি জোর দিয়ে বলেন, ইসলাম বৈষম্য, নির্যাতন বা অন্যায়কে সমর্থন করে না; বরং ন্যায়পরায়ণতা, সহনশীলতা ও সৌজন্যের শিক্ষা দেয়।
ধর্মকে সামনে রেখে রাজনীতি করার বিষয়টিকে তিনি ভণ্ডামি আখ্যা দিয়ে বলেন, "আমি সবচেয়ে ভয় পাই এমন লোককে, যে আলেম সেজে দুনিয়ার স্বার্থে ধর্মকে ব্যবহার করে।"
(মুসনাদে আহমদ)। তিনি যোগ করেন, দুর্বল মানুষই ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে, অথচ ধর্ম রাজনীতির ঊর্ধ্বে।
হিন্দু ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে উৎসব পালনের সুযোগ দিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রদর্শনের আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকারের শেষে তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মের নামে বিভাজন নয়, বরং প্রকৃত ধর্মীয় মূল্যবোধ মেনে চললেই সমাজে শাস্তি প্রতিষ্ঠা সম্ভব।"
প্রতিবেদন মোঃ আলামিন মির
মতামত