সারাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে পিরোজপুরে জেলা বিএনপির মতবিনিময় সভা

প্রিন্ট
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে পিরোজপুরে জেলা বিএনপির মতবিনিময় সভা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৮:৫৫

আসন্ন শারদীয় শ্রী শ্রী দুর্গাপূজা ও উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোহা গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক অশোক কুমার শিকদার, শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের সভাপতি অসীম কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক সুপতি হালদার চঞ্চল, জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ডা. অরবিন্দ রায়সহ জেলার বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান, পিরোজপুর আদালতের জিপি এডভোকেট সাব্বির আহম্মেদ, জেলা কৃষক দলের সভাপতি নাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং উৎসবকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান।

সভায় নেতৃবৃন্দ একবাক্যে বলেন, বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের এ দেশে কোন সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করছি। বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পূজা উদযাপনকে কেন্দ্র করে যেন কেউ কোনো ধরনের অশান্তি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান এবং আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালনে সর্বদা জেলা বিএনপি পাশে থাকাবে।