বাঘারপাড়ায় জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে
জামায়াতের মিছিল সমাবেশ অনুষ্ঠিত
মোঃ মাসুদুর রহমান বাঘারপাড়া (যশোর) :
জুলাই সনদের আইনগত স্বীকৃতি, ও আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি-আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে উপজেলা সদরের মহিলা কলেজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে জুলাই জাতীয় সনদ মেনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। সরকারের একচেটিয়া শাসন বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এই দাবিগুলো মানতেই হবে।”
উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল জব্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি আবদুল আলিম, কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান, আবদুল হাই, হাফিজুর রহমান, নাজিমুদ্দিন, আবু ইসা, ওলিয়ার রহমান এবং উপজেলা যুব সভাপতি মতিউর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে ৫ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো—
১. পি-আর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।
২. জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
৩. সকল গণহত্যার বিচার করতে হবে।
৪. জাতীয় পার্টি সহ ১৪ দলের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে।
৫. লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।#
মতামত