সারাদেশ

জলঢাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আলীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রিন্ট
জলঢাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আলীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৭:১২

নীলফামারী জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জলঢাকা প্রেসক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থীর নির্বাচনী প্রধান সমন্বয়কারী এম শরিফুল ইসলাম বাবু। তিনি বলেন, “ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ। এখানে থাকবে না মারামারি, হানাহানি কিংবা প্রতিহিংসার রাজনীতি। সকলের অংশগ্রহণে গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ ও উন্নত দেশ।”

তিনি আরও জানান, জলঢাকা উপজেলাকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও আধুনিক রূপে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপির প্রার্থী। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয় উল্লেখ করে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুশিক্ষিত ও যুগোপযোগী জলঢাকা গড়তে প্রার্থী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সভায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলম আলো, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক রুহুল আমিন, জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মনি, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন বাদশা, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সাধারন সম্পাদক আল ইকরাম বিপ্লব চিশতী, সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, খোলা কাগজ প্রতিনিধি আবেদ আলী, কাঠালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক এবং উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।