সারাদেশ

নিউইয়র্কের ঘটনায় অন্তবর্তীকালীন সরকারের বড় একটা ব্যর্থতা রয়েছে-এনডিএম মহাসচিব মোমিনুল আমিন

প্রিন্ট
নিউইয়র্কের ঘটনায় অন্তবর্তীকালীন সরকারের বড় একটা ব্যর্থতা রয়েছে-এনডিএম মহাসচিব মোমিনুল আমিন

ছবি : মোঃ আলামিন মির


প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:৪৩

নিউইয়র্কের ঘটনায় অন্তবর্তীকালীন সরকারের বড় একটা ব্যর্থতা রয়েছে-এনডিএম মহাসচিব মোমিনুল


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,রাজবাড়ী: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন বলেছেন, অন্তবর্তী কালীন সরকারের বড় একটা ব্যর্থতা রয়েছে। কারণ নিউইয়র্কের কনস্যুলেটের অফিস ঠিক ভাবে কমিনিউকেশন করতে পারে নি ঠিক কোন গেইট দিয়ে রাজনৈতিক নেতারা বের হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি\'র বড় একটা অংশ বিমানবন্দরে অপেক্ষা করছিল। তাদেরকে কনস্যুলেটের অফিস থেকে জানানো হয় নি। তারা মনে করেছিল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ভিআইপি প্রটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ বের হবে। কিন্তু এটা করার জন্য যে প্রটোকল গুলো লাগে, যে পারমিশন গুলো লাগে সেটা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনস্যুলেট অফিসকে সেই নির্দেশনা দেওয়া হয়নি বা কনস্যুলেট অফিস ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখানে সরকারের দায় এড়ানোর কোন সুযোগ নেই। 


বুধবার (২৪সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজবাড়ী-২ আসনে নির্বাচনি গণসংযোগে এসে জেলা শহরের নতুন বাজার এলাকায় এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মহাসচিব মোমিনুল আমিন বলেন, আওয়ামীলীগ কোন রাজনৈতিক দল না এটি একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামীলীগের যে ফ্যাসিবাদী আচরণ ও খুনি হাসিনা গত ১৬বছরে বাংলাদেশে যে ফ্যাসীবাদ কায়েম করেছিল এবং তার নেতাকর্মীরা যে নৃশংসভাবে বিরোধী মত ও পথ দমন করেছিল সেই ফ্যাসিবাদীর বহিঃপ্রকাশ বিশ্বের মাটিতে করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। 


তিনি বলেন, কোন সুস্থ ও স্বাভাবিক মানুষের পক্ষে আওয়ামী নামক সন্ত্রাসী সংগঠন করা সম্ভব না। আওয়ামীলীগ একটি উগ্রবাদী, জঙ্গিবাদী মতাদর্শ। এই মতাদর্শ তারা ধারণ করে নিউইয়র্কের মাটিতে বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধি এবং যারা জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখের যোদ্ধা ছিল তাদের উপরে যেভাবে হেনস্তা করলো এটার মাধ্যমেই বোঝা যায় গত ১৬ বছরে বাংলাদেশের বুকে এই ফ্যাসিবাদ হাসিনা কায়েম করেছিল।



মোমিনুল আমিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি দীর্ঘদিন ধরে করে আসছি। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক জননেতা ববি হাজ্জাজকে ঢাকা ১৩আসনের নির্বাচনের জন্য বলা হয়েছে এবং তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আমি রাজবাড়ী ২ আসনের বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবো বলে আশাবাদী। সেই ব্যাপারে আমাদের দলীয় হাই কমান্ডারের সাথে আলোচনা রয়েছে। যদিও এটা আনুষ্ঠানিক ঘোষণা না এটা। রিজভী সাহেব বলেছেন দলীয় গঠনতত্ত্ব হিসাবে তারা তাদের প্রসেস হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন। আমি আশাবাদী রাজবাড়ী-২আসনের প্রার্থী হিসাবে আমাকে আনুষ্ঠানিক ঘোষণা দিবে। সেই ধারাবাহিকতায় আমি ১মাস পর পর এসে আমার নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছি এবং আমার লোকজন নিয়মিত কাজ করছে। 



রাজবাড়ী-২ আসনের উন্নয়ন প্রসঙ্গে মোমিনুল আমিন বলেন, এখানকার স্বাস্থ্যব্যবস্থা অত্যন্ত নাজুক। নির্বাচিত হলে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন হাসপাতাল, প্রতিটি উপজেলায় আইসিইউ অ্যাম্বুলেন্স এবং একটি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করব। মৎস্যজীবী ও কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজারকেন্দ্রিক লিঙ্কেজ গড়ে তুলব। তরুণ সমাজের প্রত্যাশা সংসদে তুলে ধরব এবং রাজবাড়ী-২ আসনকে একটি মডেল আসন ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলব।


এর আগে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন গাড়িবহর নিয়ে ঢাকা থেকে রাজবাড়ীর নতুন বাজার পৌঁছালে সেখানে দলীয় নেতারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় এনডিএম এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ আলামিন মির