সারাদেশ

পীরগঞ্জে পরিত্যক্ত আস্তানায় পুলিশের হানা: মাদকসহ ব্যবসায়ী আটক, এলাকায় স্বস্তি

প্রিন্ট
পীরগঞ্জে পরিত্যক্ত আস্তানায় পুলিশের হানা: মাদকসহ ব্যবসায়ী আটক, এলাকায় স্বস্তি

প্রকাশিত : ৬ জুন ২০২৬, রাত ১০:১৫

রংপুরের পীরগঞ্জে মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বড়দরগাহ এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ আনিসুর রহমান নামের এক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। ​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে এলাকার মন্ডলাবাড়ী গ্রামের একটি পরিত্যক্ত টিনশেড ঘরকে কেন্দ্র করে মাদক কারবারিরা তাদের অপতৎপরতা চালিয়ে আসছিল। ৫ জুন দিবাগত গভীর রাতে এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অতর্কিত অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাতেনাতে আটক করা হয় আনিসুর রহমানকে (৩৬)। তল্লাশিকালে তার কাছ থেকে ইয়াবা ও হেরোইনের মতো মরণনেশা জব্দ করা হয়েছে। ​এলাকাবাসীর ভাষ্য, পরিত্যক্ত ও নির্জন ঘর হওয়ার কারণে অপরাধীরা দীর্ঘদিন ধরে এখানে মাদক কেনাবেচার সিন্ডিকেট গড়ে তুলেছিল, যা স্থানীয় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। পুলিশের এই সফল অভিযানে এলাকায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পীরগঞ্জ থানা পুলিশের এই অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।