লালমনিরহাট জেলায় সাধারণ মানুষের জন্য মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালে হাসপাতাল ও ক্লিনিকগুলোর সার্বিক স্বাস্থ্যসেবার মান, অপারেশন থিয়েটারের (OT) পরিবেশ, লাইসেন্সের বৈধতা, পরিবেশগত ছাড়পত্রের নবায়ন এবং নির্ধারিত মূল্যে সেবা প্রদান করা হচ্ছে কি না—এসব বিষয় নিবিড়ভাবে পরিদর্শন ও যাচাই করা হয়।
পরিদর্শনে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা, পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করা এবং অপারেশন থিয়েটারের (OT) পরিবেশ সন্তোষজনক না পাওয়ায় নিউ অতিথি ক্লিনিক ও নার্সিং হোম, আইডিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং বন্ধন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-কে মেডিকেল প্র্যাক্টিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী সতর্কতামূলকভাবে মোট ৮,৫০০/- (আট হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সময়ের মধ্যে সকল ত্রুটি সংশোধনের কঠোর নির্দেশনা দেওয়া হয়। প্রতিষ্ঠানসমূহ কর্তৃপক্ষের নিকট তাদের ত্রুটি দ্রুত সমাধানের প্রতিশ্রুতি প্রদান করে।
লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম-এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম এবং মোঃ শরীফুল ইসলাম।
জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে জেলার স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মতামত