সারাদেশ

মনিরামপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আ’লীগ নেতা খুন

প্রিন্ট
মনিরামপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আ’লীগ নেতা খুন

ছবি : মনিরামপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আ’লীগ নেতা খুন


প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৫, ভোর ৫:০১

যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আশরাফুল ইসলাম (৪২) নামের স্থানীয় আওয়ামী লীগ নেতা। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটে উপজেলার রাজগঞ্জ বাজারের স’ মিল সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত আশরাফুল চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আজহার মাস্টারের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে রাজগঞ্জ বাজারে অবস্থান করছিলেন আশরাফুল। এসময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তিনি মারা যান।

খবর ছড়িয়ে পড়তেই বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, মুহূর্তেই দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকাজুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা ফের হামলার আশঙ্কা করছেন।

মনিরামপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, “কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো পরিষ্কার নয়। আমরা তদন্ত শুরু করেছি এবং দ্রুতই আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঘোর সন্ধ্যায় রাজনীতিক হত্যাকাণ্ড আমাদের আতঙ্কিত করে তুলেছে। আশরাফুলকে হত্যা করে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে।”

রাজগঞ্জ বাজারের এক ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, “হঠাৎ এমন রক্তাক্ত ঘটনার পর আমরা ভয়ে আছি। জানি না আবার কবে কার ওপর হামলা হয়।”

এদিকে হত্যাকাণ্ডের পর আশরাফুলের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও সহকর্মীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।