সারাদেশ

পীরগঞ্জে বাড়িতে ইয়াবা তৈরির মিনি কারখানার সন্ধান, যুবক গ্রেফতার

প্রিন্ট
পীরগঞ্জে বাড়িতে ইয়াবা তৈরির মিনি কারখানার সন্ধান, যুবক গ্রেফতার

প্রকাশিত : ৪ জুন ২০২৬, দুপুর ১:১৮

রংপুরের পীরগঞ্জে বসতবাড়িতে গড়ে তোলা ইয়াবা তৈরির মিনি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় সাগর মিয়া (২৮) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার চতরা বন্দর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজু মিয়া ও সুমাইয়া আক্তার নামের আরও দুই সহযোগী পালিয়ে যায়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সাগর মিয়ার বাড়িতে কেমিক্যাল, ফুড কালার ও বিশেষ লোহার ডাইস ব্যবহার করে নকল ইয়াবা তৈরি করে আসছিল। অভিযানে ঘটনাস্থল থেকে ২০ পিস প্রস্তুত ইয়াবা, ইয়াবা তৈরির প্রয়োজনীয় পাউডার, বিভিন্ন রঙের ফুড কালার, ফ্লেভার এবং ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত দুটি লোহার ডাইস উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এ.বি.এম বদরুদ্দোজা বাদল বলেন, “গ্রেফতার সাগর মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক রাজু মিয়া ও সুমাইয়া আক্তারকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।”