সারাদেশ

মহাসড়কে প্রাণ কেড়ে নিল বেপরোয়া লেগুনা, গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু

প্রিন্ট
মহাসড়কে প্রাণ কেড়ে নিল বেপরোয়া লেগুনা, গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু

ছবি : মহাসড়কে প্রাণ কেড়ে নিল বেপরোয়া লেগুনা, গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু


প্রকাশিত : ৪ জুন ২০২৬, রাত ১২:২২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক পারাপারের সময় লেগুনার ধাক্কায় ঝরিনা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মামদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝরিনা বেগম উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মামদপুর গ্রামের বাসিন্দা এবং ফজর আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পাশের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ শেষ করে নিজ বাড়িতে ফিরছিলেন ঝরিনা বেগম। এ সময় তিনি মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে সুনামগঞ্জগামী ‘রাব্বি পরিবহন’-এর একটি দ্রুতগতির লেগুনা তাকে সজোরে ধাক্কা দেয়। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন লেগুনাটি আটক করতে সক্ষম হলেও চালক কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, দুর্ঘটনায় জড়িত লেগুনাটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ওই অংশে যানবাহনের বেপরোয়া গতি দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।