চিরচেনা রূপে শিল্পাঞ্চল সাভার: উৎসব শেষে কর্মস্থলে ফিরছেন লাখো শ্রমিক
মোঃ আবু তালহা
সাভার উপজেলা প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহার আনন্দ ও নাড়ির টানে বাড়ি ফেরার পালা শেষ। প্রিয়জনদের সঙ্গে কাটানো সোনালী মুহূর্তগুলো স্মৃতির মণিকোঠায় জমা রেখে আবারও জীবিকার তাগিদে ইট-পাথরের শহরে ফিরতে শুরু করেছেন দেশের অর্থনীতির প্রাণভোমরা শ্রমিকেরা। ফলে দীর্ঘ ছুটির স্তব্ধতা কাটিয়ে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পাঞ্চলগুলো আবারও প্রাণচঞ্চল হয়ে উঠেছে।
কারখানায় ফেরার ব্যস্ততা ও সরব উপস্থিতি
মঙ্গলবার (২ জুন) সকাল থেকেই সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকার চিত্র ছিল চোখে পড়ার মতো। তৈরি পোশাক কারখানাগুলোর প্রবেশপথে দেখা গেছে হাজার হাজার শ্রমিকের ভিড়। অনেক বড় কারখানা গুলো পূর্ণোদ্যমে উৎপাদন শুরু করেছে। কারখানার সাইরেন বাজার সাথে সাথেই দলবেঁধে শ্রমিকদের প্রবেশ করার দৃশ্যটি জানান দিচ্ছে যে, বিরতি শেষে চাকা ঘুরতে শুরু করেছে দেশের রপ্তানি খাতের।
পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, গত দুদিন ধরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে আসা ঢাকামুখী বাসগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সাভারের বাইপাইল, নবীনগর ও শ্রীপুর বাস স্ট্যান্ডগুলোতে নামছেন হাজার হাজার মানুষ। পরিবহণ শ্রমিকরা জানান, এবার ফিরতি পথে ভোগান্তি তুলনামূলক কম হলেও যাত্রীদের চাপ ছিল প্রচণ্ড। সবাই নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছাতে মরিয়া।
শ্রমিকের কণ্ঠে ঘরে ফেরার তৃপ্তি ও কাজের তাগিদ,
সাভারের একটি পোশাক কারখানার অপারেটর রহিমা বেগমের সাথে কথা বললে তিনি জানান,
বাড়িতে মা-বাবা আর সন্তানদের সাথে ঈদ কাটিয়ে মনটা ভরে গেছে। তবে ছুটি শেষ, এখন পেটের তাগিদে আর কারখানার কাজের প্রতি দায়িত্ববোধ থেকে ফিরতেই হলো। কাজ করলে তবেই তো আগামী বছর আবার হাসিমুখে বাড়ি যেতে পারবো।
রহিমার মতো লক্ষ লক্ষ শ্রমিকের চোখে-মুখে এখন নতুন উদ্যমে কাজ শুরু করার সংকল্প। তাদের এই পরিশ্রমই মূলত সচল রাখে দেশের অর্থনীতির মূল চাকা।
শ্রমিকদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার করেছে। ট্রাফিক ব্যবস্থাপনায়ও দেখা গেছে ব্যস্ততা, মহাসড়কের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন জটলা সৃষ্টি না হয়।
সাভারের অলিগলি থেকে শুরু করে মহাসড়ক সর্বত্রই এখন সেই চেনা কর্মব্যস্ততা। দোকানপাট খুলছে, ফুটপাতে মানুষের আনাগোনা বাড়ছে, আর কারখানাগুলোর যান্ত্রিক শব্দে মুখরিত হয়ে উঠছে আকাশ-বাতাস। সব মিলিয়ে শিল্পাঞ্চল সাভার তার পুরোনো জৌলুস ও কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে।
মতামত